ঢাকারবিবার , ৩১ মে ২০২৬
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

বগুড়ায় শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে মা-শিশু ও বিশেষায়িত সেবা শুরু ১৮ জুন

ডেস্ক রিপোর্ট
মে ৩১, ২০২৬ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে আগামী ১৮ জুন থেকে মা-শিশু, অ্যাজমা ও হৃদরোগীদের চিকিৎসাসেবা আনুষ্ঠানিকভাবে চালু করা হবে। একই দিন হাসপাতালটিতে মা ও শিশুর জন্য দুটি ওয়ার্ডও উদ্বোধন করা হবে। পর্যায়ক্রমে অপারেশন থিয়েটার, আইসিইউ ও ডায়াগনস্টিক সেন্টার চালু করে আগামী এক বছরের মধ্যে হাসপাতালটিকে পূর্ণাঙ্গ শিশু হাসপাতালে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে।

রবিবার দুপুরে বগুড়া শহরের দত্তবাড়িতে অবস্থিত হাসপাতালের হলরুমে নবগঠিত পরিচালনা কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু হলে বগুড়াসহ উত্তরাঞ্চলের মানুষ উন্নত চিকিৎসাসেবা পাবেন। ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে ১৮ জুন নতুন সেবাগুলোর কার্যক্রম শুরু হবে।

হাসপাতালের পরিচালক আমিনুল হক দেওয়ান সজলের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন পরিচালনা কমিটির উপদেষ্টা ও বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এবং অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল। এ সময় পরিচালনা কমিটির সদস্য মোশাররফ হোসেন, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, মাফতুন আহমেদ খান রুবেল,বগুড়া চেম্বারের প্রতিনিধি আতিকুর রহমান বাদল,ডা.শাহ মো: শাজাহান আলী, ডা.আসফারুল হাবিব রোজ, ডা. ইউনুস আলীসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় হাসপাতালের সার্বিক উন্নয়ন, চিকিৎসাসেবা সম্প্রসারণ এবং শিশুস্বাস্থ্যসেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়। পাশাপাশি অ্যাজমা ও হৃদরোগের বিশেষায়িত চিকিৎসাসেবা চালুর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

সভায় জানানো হয়, ২০০৫ সালে প্রতিষ্ঠিত হাসপাতালটি একসময় শিশু চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও পরবর্তী সময়ে বিভিন্ন কারণে এর কার্যক্রম ব্যাহত হয়। নতুন পরিচালনা কমিটি গঠনের মাধ্যমে হাসপাতালটিকে আধুনিক ও পূর্ণাঙ্গ শিশু চিকিৎসাকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২১ মে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের নতুন পরিচালনা কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।