প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৮, ২০২৬, ৫:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ৮:২৪ অপরাহ্ণ
আদালতের রায়ও মানেনি প্রতিপক্ষ, কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি দখলের অভিযোগ

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের সাপখাওয়া গ্রামের বাসিন্দা মৃত রমজানের ছেলে শাহিন আলম তফশিলভুক্ত একটি জমি ক্রয়সূত্রে মালিকানা লাভ করে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন। জমি সংক্রান্ত বিরোধের জেরে তিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারায় (এমআর নং-৪২/২৪) একটি মামলা দায়ের করেন। গত ১৯ মার্চ ২০২৪ তারিখে আদালত তার পক্ষে রায় প্রদান করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ভুক্তভোগী শাহিন আলম জানান, আদালতের রায় সত্ত্বেও বিবাদীপক্ষ শুরু থেকেই জমি দখলের হুমকি দিয়ে আসছিল। সর্বশেষ গত ৪ ফেব্রুয়ারি ২০২৬ দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে সাপখাওয়া এলাকার ময়নুল্লাহর ছেলে আফজাল হোসেন (৪২)সহ ৬-৭ জন সংঘবদ্ধ হয়ে তার জমিতে প্রবেশ করে জোরপূর্বক পানি সেচ দেয় এবং জমির একটি অংশ দখলে নিয়ে সেখানে টিনের ঘর নির্মাণ করে।
খবর পেয়ে শাহিন আলম ও তার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা তাদের গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করে বলে অভিযোগ করা হয়। বাধা দিতে গেলে মারধর এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকিও দেওয়া হয়। স্থানীয় কয়েকজন ব্যক্তি এগিয়ে এলে পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হলেও ঘর নির্মাণ বন্ধ হয়নি বলে দাবি করেন তিনি।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, জমি নিয়ে এর আগেও একাধিক দেওয়ানি ও ফৌজদারি মামলা হয়েছে। একটি মামলায় বাদীপক্ষ খালাস পান বলেও দাবি করা হয়েছে। স্থানীয়ভাবে আপস-মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ার পর নিরাপত্তাহীনতায় ভুগে তিনি নাগেশ্বরী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ হিল জামান বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভুক্তভোগী শাহিন আলম দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫