কুড়িগ্রামে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক সুপারি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের সদর উপজেলার ছিনাই এলাকায় হক হিমাগারের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে রংপুরমুখী একটি বালুবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়।
নিহত আইয়ুব আলী (৫৫) সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের সলেয়া চৌকিদারের ছেলে। তিনি পেশায় একজন সুপারি ব্যবসায়ী ছিলেন।
দুর্ঘটনায় আহত অপর দুই যাত্রীকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনার পরপরই স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি আটক করে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং মহাসড়কে কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, দুর্ঘটনার বিষয়টি তদন্ত করা হচ্ছে। নিহতের মরদেহের সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া ট্রাকটি জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়রা মহাসড়কে বেপরোয়া গতিতে ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, অতিরিক্ত গতি ও অসচেতন চালনার কারণে এ সড়কে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে।