প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৪, ২০২৬, ৯:০০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৩, ২০২৬, ৭:২৭ অপরাহ্ণ
কুড়িগ্রামে ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা

কুড়িগ্রামে ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্কড়িগ্রাম সদর উপজেলার কেতার মোড় এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে সংশ্লিষ্ট একটি গোডাউনের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) বিকেলে পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রামের উদ্যোগে পরিচালিত এক মোবাইল কোর্টে এ ব্যবস্থা নেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তর জানায়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৬(ক) ধারা লঙ্ঘনের দায়ে কেতার মোড় সংলগ্ন একটি গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় প্রায় ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। পাশাপাশি সতর্কতামূলকভাবে ৫ হাজার টাকা জরিমানা করে তা তাৎক্ষণিক আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী রীমা আক্তার। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রামের সহকারী পরিচালক মো. রেজাউল করিম।
অভিযান শেষে সংশ্লিষ্ট ব্যবসায়ীসহ উপস্থিতদের নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ, ক্রয়-বিক্রয় ও ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে পরিবেশ রক্ষায় আইন মেনে চলার আহ্বান জানায় ভ্রাম্যমাণ আদালত।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫