কুড়িগ্রাম জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহবায়ক হাসান জিহাদীকে কারাগারে প্রেরণ করেছেন বিজ্ঞ আদালত। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত অপর আসামীদের জামিন মঞ্জুর করলেও হাসান জিহাদীর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। এলাকাবাসী জানান গত ১৫ ফেব্রুয়ারি জেলার রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে খিতাবখাঁ সরিষাবাড়ি এলাকায় এনসিপি নেতাকর্মীসহ ও বিএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এক পর্যায় ঐ এলাকার ইউপি সদস্য ও বিএনপি নেতা শহিদুল ইসলাম, যুবদলের ওয়ার্ড সেক্রেটারি রিয়াজুল ইসলাম ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলামের বাড়িতে অর্ধশতাধিক নেতা কর্মীরা দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায় বলে শহিদুল ইসলাম বাদী হয়ে রাজারহাট থানায় মামলা দায়ের করে। হাসান জিহাদী রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবত্তোর গ্রামের রাজিকুল ইসলামের ছেলে। রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করেন।

