দীর্ঘদিন ধরে নানা অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের মুখে অবশেষে কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ আবু সৈয়দ মো. রেজাউল করিমকে ক্লোজড করে ওএসডি করা হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে ঢাকায় শাস্তিমূলক দপ্তরবিহীন কর্মকর্তা দেখানো হয়েছে।
মন্ত্রণালয়ের সংস্থাপন শাখা থেকে জারি করা আদেশে বলা হয়েছে, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীন টিটিসিগুলোতে কর্মরত কর্মকর্তাদের বদলি ও সংযুক্তি প্রদান করা হয়েছে। এর অংশ হিসেবে কুড়িগ্রাম টিটিসির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালনকারী আবু সৈয়দ মো. রেজাউল করিমকে তার মূল কর্মস্থল ঠাকুরগাঁও টিটিসিতে বহাল রেখে ঢাকার টিটিসি ভবনে ক্লোজড করা হয়েছে।
অপরদিকে কুমিল্লা টিটিসির উপাধ্যক্ষ এস. এম. মেহেদী হাসানকে কুড়িগ্রাম টিটিসির উপাধ্যক্ষ হিসেবে বদলি করা হয়েছে। একই সঙ্গে তাকে কুড়িগ্রাম টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বও দেওয়া হয়েছে।
৭ জুন ২০২৬ তারিখে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মিজানুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অব্যাহতি দিয়ে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে।
অপরদিকে, ক্লোজডকৃত কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)'র অধ্যক্ষ সৈয়দ মোঃ রেজাউল করিমকে আয়ন-ব্যয়ন কর্মকর্তার পদ থেকেও তাকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
অনুসন্ধানে জানা যায়, কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি নিয়োগ পাওয়ার পর থেকেই অধ্যক্ষ আবু সৈয়দ মো. রেজাউল করিম খন্দকার একের পর এক অনিয়ম-দুর্নীতি করে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। নির্দিষ্ট
অবৈধ কমিশন না দিয়ে তার প্রতিষ্ঠানে চাকরি করা বা ঠিকাদারি করতে পারেনি কেউ। তার কর্মকাণ্ডে অতিষ্ঠ খোদ ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। সম্প্রতি জনৈক ঠিকাদার ও এসেট প্রকল্পের জোরপূর্বক অব্যাহতিপ্রাপ্ত অতিথি শিক্ষক মো. মোতাইব হোসেনের অভিযোগে ধীরে ধীরে বেড়িয়ে আসে দুর্নীতির চিত্র। তাদের অভিযোগ আমলে নিয়ে তদন্তের প্রেক্ষিতেই তাকে গতকাল ৭ জুন বদলি করা হলো।
এ বিষয়ে কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)'র ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সৈদ মোঃ রেজাউল করিম খন্দকারকে ফোন দিলেন তিনি ব্যস্ততা দেখিয়ে বিষয়টি কৌশলে এড়িয়ে যান।
এ ব্যাপারে কথা হলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (দপ্তর ও সংস্থার প্রশাসন) আহমাদুল হক বলেন, "কুড়িগ্রাম টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিমকে বদলি করা হয়নি। তাকে মুলত ক্লোজড করে ওএসডি করা হয়েছে। তার কোন টেবিল নেই। অনিয়ম-দুর্নীতিতে অভিযুক্তের বিষয়ে মন্ত্রী মহোদয় দেশে ফিরলে দ্রুত একটি তদন্ত টিম গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।"