উত্তরবঙ্গের বরেণ্য শিক্ষাবিদ, প্রখ্যাত লেখক, চিন্তাবিদ ও বলাকা প্রকাশনীর প্রতিষ্ঠাতা অধ্যাপক মোঃ আলী হাসান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১২ জুলাই) আনুমানিক ভোর ৫টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭০ বছর।
তিনি সৈয়দ আহমেদ কলেজ, গাবতলী, বগুড়া-এর ইংরেজি বিভাগের প্রধান হিসেবে দীর্ঘদিন সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। শিক্ষা বিস্তার, সাহিত্যচর্চা ও জ্ঞানচর্চায় তাঁর অবদান উত্তরবঙ্গের শিক্ষা অঙ্গনে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে বলে সংশ্লিষ্টরা মন্তব্য করেছেন।
বলাকা প্রকাশনী-র মাধ্যমে তিনি ছাত্র-ছাত্রীদের জন্য সহজ, প্রাঞ্জল ও পরীক্ষোপযোগী ভাষায় অসংখ্য ইংরেজি বই রচনা ও প্রকাশ করেন। তাঁর প্রকাশিত বইগুলো দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাপকভাবে সমাদৃত হয় এবং হাজারো শিক্ষার্থীর শিক্ষাজীবনে গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করে।
শিক্ষাক্ষেত্রের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও তিনি ছিলেন সুপরিচিত ব্যক্তিত্ব। তিনি জেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এবং জিয়া পরিষদের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মৃত্যুকালে তিনি তিন পুত্র, তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী, সহকর্মী, ছাত্র-ছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শিক্ষা, সাহিত্য ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অধ্যাপক মোঃ আলী হাসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মহান আল্লাহ তাআলা যেন তাঁর সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফিরদাউস দান করেন এবং শোকাহত পরিবারকে এই শোক সইবার ধৈর্য ও শক্তি দান করেন—এমন প্রার্থনা করেছেন তাঁর শুভানুধ্যায়ীরা।

