‘রংপুরের পীরগঞ্জে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে প্রতিমন্ত্রীর মতবিনিময়’
রংপুর, ২৯ সেপ্টেম্বর ২০২৬: রংপুরের পীরগঞ্জ উপজেলার তিনটি নারী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।জুলাই আন্দোলনের বীর শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ, পীরগঞ্জ কছিমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও পীরগঞ্জ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের অংশগ্রহণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, একজন নারী শিক্ষিত হলে শুধু একটি পরিবার নয়, একটি প্রজন্ম শিক্ষিত হয়। নারী শিক্ষাকে এগিয়ে নেওয়া মানে দেশকে এগিয়ে নেওয়া। তোমরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার কারিগর। স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম করতে হবে। তিনি বলেন, নারী শিক্ষার প্রসারে সরকার শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা বৃদ্ধি, ঝরে পড়া রোধ এবং উচ্চশিক্ষায় মেয়েদের অংশগ্রহণ বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। মেয়েদের শিক্ষার পথে দূরত্ব, আর্থিক সংকট কিংবা যাতায়াতের সমস্যা কোনোভাবেই বাধা হয়ে দাঁড়াতে দেওয়া হবে না।
প্রতিমন্ত্রী বলেন, মেয়েদের শিক্ষার সুযোগ যত বাড়বে, দেশের উন্নয়ন তত দ্রুত হবে। একটি শিক্ষিত ও আত্মনির্ভরশীল প্রজন্ম গড়ে তুলতে নারী শিক্ষায় সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে।
এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং নিজের জীবনের নানা অভিজ্ঞতা ও অনুপ্রেরণামূলক গল্প তুলে ধরেন। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়ন ও নারীদের উচ্চশিক্ষায় এগিয়ে নিতে সরকারের পরিকল্পনা ও পদক্ষেপের কথা তুলে ধরেন।
মতবিনিময় শেষে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও নারী শিক্ষার প্রসারে নতুন আর্থিক বরাদ্দ দেওয়ার ঘোষণা দেন প্রতিমন্ত্রী। পাশাপাশি দূরদূরান্ত থেকে যেসব ছাত্রী নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে তালিকা তৈরি করে সরকারিভাবে বাইসাইকেল প্রদানের ঘোষণা দেন তিনি।
এ সময় রংপুর সিটি প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, জেলা প্রশাসক ইসরাত জাহানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

