রোজার আগে নির্বাচন দাবি মান্নার: “যত বিলম্ব, তত শঙ্কা”নাগরিক ঐক্যের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, নির্বাচন কমিশনের ঘোষণার অনিশ্চয়তা উদ্বেগ বাড়াচ্ছে। তিনি জানান, আগে নির্বাচন কমিশন চলতি মাসের ৭–৮ তারিখের দিকে তফসিল ঘোষণার ইঙ্গিত দিলেও পরে তা ১১ তারিখে যাওয়ার কথা শোনা যায়। এখন আবার সংবাদমাধ্যমে কমিশনের পক্ষ থেকে জানানো হচ্ছে—নির্বাচনের তারিখ নিয়ে তারা কোনো মন্তব্য করতে চান না।
রোববার বিকেলে কুড়িগ্রামে নাগরিক ঐক্যের জেলা কার্যালয় উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মান্না বলেন,
“আমরা বলেছি রোজার আগে নির্বাচন হতে হবে। নির্বাচন যত বিলম্ব হবে, তত শঙ্কা বাড়বে।”
এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক আন্দোলনে অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন,
“গণতান্ত্রিক আন্দোলনের প্রতিটি জোটে বেগম জিয়ার অসাধারণ অবদান রয়েছে। তিনি অনেক কষ্ট সহ্য করেছেন। আমরা চাই তিনি এই নির্বাচনী প্রক্রিয়ায় থাকুন। তার স্বাস্থ্য নিয়ে সবার মনে শঙ্কা আছে, তাই নির্বাচনের সময়সূচি পরিবর্তন হয় কি না—এই বিষয়টি নিয়েও দুশ্চিন্তা আছে। তবে আমরা চাই তিনি সুস্থ হয়ে উঠুন এবং নির্বাচন সঠিক সময়ে হোক।”
বিগত পনের বছরের আন্দোলনে বিএনপিসহ অন্যান্য দলের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে তিনি বলেন,
“তাদের সঙ্গে যোগাযোগ আছে, আলাপ–আলোচনা চলছে। তবে এখনও কারও সঙ্গে নির্বাচনী সমঝোতা তৈরি হয়নি। আমরা এককভাবে কিছু করতে চাই না।”
অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুর্লা কায়সার, সদস্য আব্দুর রাজ্জাক, জেলা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর আব্দুস সালাম, সদস্য সচিব জোহবাদুল ইসলাম বাবলুসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরবর্তীতে তিনি কলেজ মোড়ে স্বাধীনতার বিজয়স্তম্ভে আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশেও বক্তব্য দেন।

