ঢাকামঙ্গলবার , ৩০ জুন ২০২৬
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

দ্রুত বাস্তবায়নের পথে কুড়িগ্রামের উলিপুর বাইপাস সড়ক প্রকল্প:শেখ রবিউল আলম

ডেস্ক রিপোর্ট
জুন ৩০, ২০২৬ ১১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দীর্ঘদিনের যানজট নিরসন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বহুল প্রত্যাশিত উলিপুর বাইপাস সড়ক নির্মাণ প্রকল্প বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে সরকার। জাতীয় সংসদে কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুল আলমের সালেহীর এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা শেখ রবিউল আলম জানান, প্রকল্পটির ভূমি অধিগ্রহণ কার্যক্রম দ্রুত সম্পন্ন করে নির্মাণকাজ শুরুর লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সংসদ অধিবেশনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর উদ্দেশ্যে করা প্রশ্নে সংসদ সদস্য মো. মাহবুবুল আলম বলেন, কুড়িগ্রাম শহরের প্রধান সড়কটি উলিপুর বাজার হয়ে চিলমারীর দিকে গেছে। কিন্তু উলিপুর বাজারের মধ্য দিয়ে চলা এই সড়কটি সংকীর্ণ হওয়ায় একসঙ্গে দুটি বড় বাস বা ট্রাক প্রবেশ করলে পুরো এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রী, পণ্যবাহী যানবাহন ও স্থানীয় বাসিন্দাদের প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হয়।

তিনি আরও বলেন, এ সমস্যা সমাধানে হেলিপ্যাড মোড় থেকে আমিন মোড় পর্যন্ত একটি বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে। কয়েক দফা ভূমি অধিগ্রহণের উদ্যোগ নেওয়া হলেও প্রকল্পটি এখনো বাস্তবায়নের পর্যায়ে পৌঁছাতে পারেনি।

সংসদ সদস্য উল্লেখ করেন, বাইপাস সড়কটি নির্মাণ করা হলে উলিপুর বাজারের ওপর যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে কমে যাবে। বড় বাস ও ট্রাকগুলো বাজার এড়িয়ে সহজেই হরিপুর ব্রিজ হয়ে ঢাকার পথে চলাচল করতে পারবে। এতে যাতায়াতের সময় কমবে, পরিবহন ব্যয় হ্রাস পাবে এবং সাধারণ মানুষের ভোগান্তিও অনেকাংশে দূর হবে। তিনি জানতে চান, প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে সরকার কী উদ্যোগ গ্রহণ করেছে।

জবাবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা শেখ রবিউল আলম জানান, ‘উলিপুর (হেলিপ্যাড মোড়)-চিলমারী (গুনাইগাছ) সংযোগ সড়ক’, যা উলিপুর বাইপাস সড়ক নামে পরিচিত, শীর্ষক একটি প্রকল্প ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। প্রকল্পটির উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুযায়ী সম্ভাব্য ব্যয় নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৮২৫ কোটি টাকা

প্রকল্পের অগ্রগতি সম্পর্কে তিনি জানান, এতে মোট পাঁচটি ভূমি অধিগ্রহণ (এলএ) মামলা রয়েছে। এর মধ্যে চারটি মামলা জেলা ভূমি অধিগ্রহণ কমিটির (ডিএলএসি) সভায় অনুমোদিত হয়েছে এবং ৪-ধারার নোটিশ জারি করা হয়েছে। বর্তমানে এসব নোটিশের বিপরীতে দাখিল হওয়া আপত্তির শুনানি চলমান রয়েছে।

তিনি আরও জানান, অবশিষ্ট একটি এলএ মামলা আরএস রেকর্ড অনুযায়ী সংশোধন করে পুনরায় প্রস্তাব আকারে দাখিল করা হয়েছে এবং এর প্রাথমিক সম্ভাব্যতা যাচাই কার্যক্রম চলছে।

শেখ রবিউল আলম বলেন, প্রকল্পের ভূমি অধিগ্রহণ কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে জেলা প্রশাসনের সঙ্গে নিয়মিত সমন্বয় ও যোগাযোগ অব্যাহত রয়েছে। আপত্তিগুলোর দ্রুত নিষ্পত্তির মাধ্যমে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ করে স্বল্পতম সময়ের মধ্যে উলিপুর বাইপাস সড়কের নির্মাণকাজ শুরু করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয়দের প্রত্যাশা, দীর্ঘদিনের দাবির এই প্রকল্প বাস্তবায়িত হলে উলিপুর বাজারের যানজট অনেকাংশে কমবে, উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল আরও নির্বিঘ্ন হবে এবং কুড়িগ্রাম, উলিপুর ও চিলমারীসহ আশপাশের এলাকার যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।