শুক্রবার বিকালে (১২ জুন) উপজেলার বটিয়া এলাকায় হঠাৎ ট্রাফিক পুলিশের নিয়মিত কার্যক্রম পরিদর্শনে আসেন খন্দকার আবু আশফাক এমপি। এ সময় সিনহা নামে ছাত্রদলের এক কর্মীর মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর না থাকায় তার মোটরসাইকেল আটক করে থানায় দেন তিনি।
এ সময় এমপি বলেন, আইন সবার জন্য সমান। সে যে দলেরই হোক না কেন। অপরাধ কমাতে দোহার নবাবগঞ্জে অবৈধ ও রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে বলেও জানান তিনি।
উপস্থিত দোহার থানার ওসি ও ট্রাফিক পুলিশের দায়িত্বে থাকা কর্মকর্তাদের এমপি আশফাক বলেন, কাগজপত্র ছাড়া কোনো মোটরসাইকেল চলতে দেওয়া হবে না। এতে এলাকার উঠতি বয়সের তরুণরা আরও বেপরোয়া হয়ে পড়বে। প্রবাসে থাকা বাবা ও ভাইয়ের টাকায় গাড়ি কিনে বখাটে আড্ডায় মিশে এরা এক সময় মাদকসহ নানা অপরাধের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে। ফলে গ্রামে-গঞ্জে মাদক আড্ডা স্কুল কলেজের সামনে ছাত্রীদের উত্ত্যক্ত করে বেড়ায়। এসব অপরাধ প্রতিরোধে পুলিশকে আরও সক্রিয় হতে হবে।
এ সময় তিনি ঢাকা-দোহার সড়কের বটিয়া নামক স্থানে দাঁড়িয়ে কয়েকটি মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র যাচাই করেন। পরে নিজ দলের ছাত্র সংগঠনের নেতা সিনহা নামে এক ছেলের গাড়ি আটকে থানা পুলিশের হেফাজতে দেন। লাইসেন্স ও চালকের সনদ ছাড়া যাতে কেউ মোটরসাইকেল চালাতে না পারে সেই বিষয়ে তিনি কড়া নির্দেশনা দেন পুলিশ ও ট্রাফিককে।

