ঢাকামঙ্গলবার , ১৭ নভেম্বর ২০২৬
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনার অভিযোগে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ।

কুড়িগ্রাম প্রতিনিধি
নভেম্বর ১৭, ২০২৬ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও জ্যেষ্ঠ রাজনীতিবিদ অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা ও প্রস্তুতির অভিযোগে গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানিয়েছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। রাজনৈতিক মতপার্থক্যের কারণে একজন বর্ষীয়ান রাজনৈতিক নেতার বাসভবনে হামলার পরিকল্পনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়; এটি গণতান্ত্রিক মূল্যবোধ, রাজনৈতিক সহনশীলতা ও নাগরিক নিরাপত্তার ওপর সরাসরি আঘাত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহঃ রাসেল ইসলাম বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর মতো একজন পরিচ্ছন্ন, ব্যক্তিত্বসম্পন্ন ও বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্বের বাসভবনে হামলার পরিকল্পনা নিঃসন্দেহে একটি নিষিদ্ধ রাজনৈতিক দলের ডেভিলপমেন্টের বহিঃপ্রকাশ। রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে প্রতিপক্ষের ওপর হামলা, জনমনে ভীতি প্রদর্শন ও সন্ত্রাসের পথ বেছে নেওয়া কোনো সুস্থ রাজনৈতিক চর্চা হতে পারে না। অতীতের স্বৈরাচারী ও দমনমূলক রাজনৈতিক সংস্কৃতির ধারাবাহিকতায় এ ধরনের কর্মকাণ্ড অত্যন্ত উদ্বেগজনক। গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক সহাবস্থান প্রতিষ্ঠার স্বার্থে এ ধরনের অপসংস্কৃতিকে কঠোরভাবে প্রতিহত করতে হবে।”
প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বরাতে বলা হয়, ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের তিন নেতা রাজধানীতে অবস্থান করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা ও প্রস্তুতি নিচ্ছিলেন বলে অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা এ ঘটনাকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি হিসেবে উল্লেখ করেছেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা মনে করেন, রাজনৈতিক মতপার্থক্য কখনোই সহিংসতা, সন্ত্রাস কিংবা কোনো ব্যক্তির নিরাপত্তা বিঘ্নিত করার অজুহাত হতে পারে না। গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেক নাগরিকের নিরাপত্তা ও স্বাধীনভাবে মতপ্রকাশের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। রাজনৈতিক প্রতিহিংসা, ভয়ভীতি ও সন্ত্রাসের রাজনীতি পরিহার করে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে।
তাঁরা এ ঘটনার সঙ্গে জড়িতদের পাশাপাশি নেপথ্যের পরিকল্পনাকারীদেরও নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানানো হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, তাঁর পরিবারসহ দেশের সব রাজনৈতিক নেতার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করারও আহ্বান জানানো হয়।
বিবৃতিতে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা রাজনৈতিক সহিংসতা, সন্ত্রাস ও প্রতিহিংসার বিরুদ্ধে তাঁদের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন। তাঁরা স্পষ্টভাবে জানান, গণতান্ত্রিক সমাজে সন্ত্রাসের কোনো স্থান থাকতে পারে না। রাজনৈতিক বিরোধের নিষ্পত্তি হতে হবে রাজনৈতিকভাবে, সহিংসতা কিংবা হামলার হুমকির মাধ্যমে নয়।
দেশে শান্তি, আইনের শাসন, গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক সহাবস্থান প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।