কুড়িগ্রাম জেলার রাজারহাট-তিস্তা রেল সড়কের সুন্দরগ্রাম পুটিকাটা নামক স্থানে ট্রেনের ধাক্কায় এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, রাজারহাট- তিস্তা রেল সড়কের সুন্দরগ্রাম পুটিকাটা যাওয়ার সড়কটিতে বেরিয়ার না থাকায় মানুষ হরহামেশেই ঐ পথ দিয়ে যাতায়াত করে। সোমবার (৭জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে রংপুর থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী ৪১৬ রমনা লোকাল ট্রেন আসার সময় সুন্দরগ্রাম পুটিকাটা সড়ক দিয়ে সাইকেল যোগে কৃষক নিবাস চন্দ্র সরকার (৪২) গরুর ঘাস কাটার জন্য রেললাইন পাড় হচ্ছিল। এ সময় ট্রেনটি তাকে ধাক্কা দেয়। এতে সাইকেলসহ নিচে পড়ে যায়। এলাকাবাসী তাকে গুরুতর অজ্ঞান অবস্থায় উদ্ধার করে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত নিবাস চন্দ্র রাজারহাট সদর ইউনিয়নের সুন্দরগ্রাম পুটিকাটা গ্রামের বলাই চন্দ্র সরকারের ছেলে। গত এক মাসে ওই এলাকায় ৩ জন ট্রেনে কাটা পড়ে মৃত্যুবরণ করেন।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ মো. তছলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। লালমনিরহাট রেলপুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তাঁরা এসে ব্যবস্থা গ্রহন করবেন।

